গৌরনদীতে সিজারে গাভীর বাচ্চার জন্ম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ গর্ভবতী নারীর সিজারের কথা সকলেই জেনে আসলেও এবার গাভীর সিজার করে বাচ্চা প্রসব করানো হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে। ঘটনাটি লোকমূখে এলাকায় ছড়িয়ে পরলে গাভি ও বাচ্চা এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভীর পরে।
ওই গ্রামের শংকর হালদারের স্ত্রী পারুল হালদার বলেন, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়। অনেক চেষ্টা করে স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করাতে না পেরে উপজেলা প্রানী সম্পদ হাসপাতালের ডাক্তারদের খবর দেওয়া হয়। পরে তারা এসে আমার বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হয়। সিজারসহ ওষুধ খরচ মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে গাভী ও বাছুর দুটোই ভাল আছে।
এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়। এরপর থেকে মাঝেমধ্যেই গাভীটি দেখে আসতাম। ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষন চেষ্টা করে স্বাভাবিক ভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেই। এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করায়। এই উপজেলায় এই প্রথম কোন গাভীর সিজারে বাচ্চা প্রসব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ বলেন, দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভিটির বাচ্চা প্রসব করানো হয়। বর্তমানে গাভি ও বাচ্চা সুস্থ আছে। গাভীটি কম বয়সে গর্ভধারন এবং বাচ্চা পরিপক্ক হওয়ায় এমনটা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































